সেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে আমার কেন্দুয়া’র ইফতার বিতরণ
বিশেষ প্রতিনিধিঃ আমিরুল ইসলাম
নেত্রকোণা জেলাধীন কেন্দুয়া উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে আমার কেন্দুয়া’র উদ্যোগে সুবিধাবঞ্চিত ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দুয়া পৌরসভার খেলার মাঠ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এ কার্যক্রম পরিচালিত হয়।সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়ন ও আন্তরিক প্রচেষ্টায় প্রায় ১৫০ জন অসহায় ও পথচারী রোজাদারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল এক প্যাকেট উন্নত মানের বিরিয়ানি এবং এক বোতল বিশুদ্ধ পানি।
একঝাঁক সৃজনশীল ও মানবিক তরুণদের সমন্বয়ে গঠিত এ সংগঠনটি ইতোমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে। মানবিক সহায়তার পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সচেতনতামূলক শর্ট ফিল্ম নির্মাণের মাধ্যমে তারা জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান,পবিত্র মাহে রমজান উপলক্ষে তারা দুটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া আগামী ২৫ রমজানের পর সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে।
সংগঠনের পক্ষ থেকে কেন্দুয়ার ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ কাজে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
ইফতার বিতরণকালে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপদেষ্টা শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার , সভাপতি মো. রতন মিয়া, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান খোকা, কবি ওয়াশিদ, সৌরভ,তপন, জিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

