নেত্রকোনার হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধের কাজ এখনও শেষ না হওয়ায়, দুশ্চিন্তায় কৃষক।
(২০ মার্চ শুক্রবার)
জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার : নেত্রকোণা।
সরকারি নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো বাকি রয়েছে হাওরাঞ্চলের অনেক স্থানে মাটি ভরাটসহ আনুষঙ্গিক কাজ।
খালিয়াজুরী উপজেলার বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা গেছে, এখনো কাজ শেষ হয়নি। মাটির কাজই বাকি রয়ে গেছে। দূর্বা ঘাসতো লাগানোই হয়নি। জেলার শতভাগ হাওর উপজেলা খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ ও কলমাকান্দা উপজেলায় এ বছর ৪৩ হাজার হেক্টর জমিতে বেরো আবাদ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কাবিটা প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ১৩৪টি ছোট বড় হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়। পাউবোর কারিগরি সহায়তায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি’র) মাধ্যমে হাওরে প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডুবন্ত বাঁধ মেরামত কাজ শুরু হয় ¹।
স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় তারা অকালবন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। বাঁধের কাজ পুরোপুরি মজবুত না হলে সামান্য ঢলও সামলানো কঠিন হবে।
উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, বাঁধের মাটি ভরাটের ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি ১০ শতাংশ মাটি ভরাট ও বাঁধের ওপর ঘাস লাগানোর কাজ আগামী এক সপ্তাহের মধ্যেই সমাপ্ত হবে।

