জেলার খবরনেত্রকোনা

সরকারি গাছ কাটায় ঠিকাদার ও বিএনপি নেতার বিরুদ্ধে থানায় মামলা

সালমান আহমেদ (কেন্দুয়া)

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অনুমতি ছাড়া রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগে মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ঠিকাদার রেজাউল হাসান ভূঞা সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার মাসকা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল জলিল বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় রেজাউল হাসান ভূঞা সুমনের নাম উল্লেখসহ আরও তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডি আলমপুর–দিঘলী সড়কের দিঘলী মোড় থেকে জিলু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ করছে। এ কাজের ঠিকাদার রেজাউল হাসান ভূঞা সুমন। গত মঙ্গলবার কোনো টেন্ডার বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাস্তার দুই পাশের ৩১টি মেহগনি গাছ কাটেন তিনি। পরে রাতের দিকে গাছগুলো গাড়িতে করে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ট্রাকসহ গাছ জব্দ করেন।

অভিযুক্ত রেজাউল হাসান ভূঞা সুমন সাংবাদিকদের বলেন, “রাস্তা দ্রুত পাকাকরণের প্রয়োজনীয়তা ছিল। স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই গাছগুলো কাটা হয়েছে। অফিসে আবেদন করলে দুই–আড়াই বছর লেগে যায়, আর রাস্তা নির্মাণের সময় এক বছর। তাই নিজ খরচে গাছ কেটে শিমুলতলা বাজারে স্তুপ করে রেখেছি। কর্তৃপক্ষকে জানালে নিয়ম অনুযায়ী গাছগুলো বিক্রি করবে।”

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রকৌশলী আল-আমিন সরকার বলেন, “গাছ কাটার আগে কর্তৃপক্ষকে জানিয়ে নিয়ম মেনে কাজ করার বাধ্যবাধকতা রয়েছে।”

ওসি মিজানুর রহমান জানান, মামলার পর থেকে রেজাউল হাসান ভূঞা সুমনকে পাওয়া যাচ্ছে না। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *