গণপরিষদ গঠন করে সংবিধান সংস্কার করা জরুরি
নেত্রকোনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়। শুক্রবার বিকেলে নেত্রকোনা পাবলিক হল মিনায়তনে জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠকদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্রীয় বক্তারাসহ স্থানীয় প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। ছাত্র-জনতার আন্দোলনে নেত্রকোনা জেলার অন্যতম নেতা ও ’জাতীয় নাগরিক কমিটি’র সংগঠক জনাব রফিকুল ইসলাম শুভ বক্তব্যে বলেন- জাতীয় নাগরিক কমিটির মূল লক্ষ্য হলো গণপরিষদ গঠন করে সংবিধান সংস্কার করা। যেন পরবর্তীতে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে জায়গা করতে না পারে।
কেন্দ্রীয় কমিটির সদস্য অলিক ম্রি, ’তার বক্তব্যে বলেন’ ফ্যাসিবাদকে রুখতে জনতাকে একত্রিত ও রাজনীতি সচেতন হতে হবে, স্বৈরাচার আওয়ামী লীগকে হঠিয়ে আমরা নতুন স্বৈরাচারকে ক্ষমতায় আনতে পারি না। এ সময় অন্যান্য বক্তাদের মাঝে সাবেক আইজিপির উপদেষ্টা কৃষিবিদ তৌফিকুর রহমান, এডভোকেট মোজাম্মেল ফকির, আদিবাসী নেতা সুরঞ্জন হাজংসহ সুশীল নাগরিকগণ বক্তব্য রাখেন। এসময় বক্তারা দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে ও সুন্দর দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংগঠনটির জেলা সংগঠক ফাহিম খান পাঠানের সঞ্চালনায় মত বিনিময় সভাটি পরিচালিত হয়।

