কেন্দুয়ায় ৭ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী বিল্লাল মিয়া মানববন্ধনে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতাঃ
কেন্দুয়া উপজেলায় বিল্লাল মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল যন্ত্রাংশ ব্যবসায়ী গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, নিখোঁজ বিল্লাল মিয়া কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভূইয়াপাড়া গ্রামের বাসিন্দা জামাল হোসেনের ছেলে। গত ৩০ মে তিনি অন্যান্য দিনের মতো আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। স্থানীয়দের মতে, রাত আনুমানিক ৩টার পর থেকে তাকে আর দেখা যায়নি।
পরের দিন সকালে পরিবারের সদস্যরা দোকানে গিয়ে বিল্লাল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন, মোটরসাইকেল ও দোকানের চাবি সেখানেই পড়ে থাকতে দেখেন এবং বিভিন্ন স্থানে খোঁজাখোজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় গত ৩১ মে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এদিকে আজ ৬ জুন বীরগঞ্জ বাজারে বিল্লাল মিয়ার পরিবার ও এলাকাবাসী তার সন্ধানের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। তবে মানববন্ধন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে হাতাহাতির ঘটনা ঘটে, ঘটনাস্থলে নিখোঁজ বিল্লাল মিয়ার ছোট ভাই মোঃ রুকন মিয়া আহত হন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিল্লাল মিয়াকে জীবিত ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এলাকাবাসী এই ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। পরিশেষে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, অভিযোগের প্রেক্ষিতে আশুজিয়া ইউনিয়ন এর দ্বায়িত্বরত বিট অফিসার মোঃ নরুল ইসলাম ঘটনাটি তদন্ত করতেছেন এবং নিখোঁজ বিল্লাল মিয়ার সন্ধানে পদক্ষেপ নিচ্ছেন।

