রওশন ইজদানী একাডেমির সাবেক ছাত্র মুন্নার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাফল্য
আমিরুল ইসলামঃ বিশেষ প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিদ্যাবল্লভ গ্রামের লোকসাহিত্যের প্রখ্যাত কবি রওশন ইজদানীর হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান রওশন ইজদানী একাডেমি (উচ্চ বিদ্যালয়)-এর সাবেক মেধাবী ছাত্র মুন্না হাসান ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৪তম স্থান অর্জন করে ভর্তির সুযোগ পেয়েছে। দেশের অন্যতম শীর্ষ এই বিশ্ববিদ্যালয়ে তার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
জানা যায়, মুন্না হাসান নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের রজক চিকনি গ্রামের বাসিন্দা। তিনি কাজল মিয়া ও নার্গিস বেগম এর সন্তান। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।
মুন্না নিজ গ্রামের চিকনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন।পরবর্তীতে ২০২৩ সালে রওশন ইজদানী একাডেমি থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর ২০২৫ সালে শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ লাভ করেন। ধারাবাহিক এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি বোর্ড কর্তৃক বৃত্তি অর্জন করেন। উল্লেখ্য, এসএসসি পরীক্ষায় মানবিক শাখায় তিনি উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৪তম স্থান অর্জনের মাধ্যমে মুন্না দেশের ঐতিহ্যবাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, “আমাদের বিদ্যালয় থেকে এ বছর রংপুর মেডিকেল কলেজে আফরোজা সুলতানা মেঘলা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুন্নার ভর্তির সুযোগ পাওয়ায় আমরা শিক্ষক পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের উভয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
ছোটবেলা থেকেই মুন্না একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখছে।
মুন্নার পরিবার তার সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেছে।

