সর্বশেষ

উলুয়াটি গ্রামের মাহফুজের বুয়েটে ভর্তির গৌরবময় সাফল্য

আমিরুল ইসলামঃ উলুয়াটি গ্রামের মেধাবী ছাত্র মাহমুদুল হাসান মাহফুজ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ভর্তির সুযোগ অর্জন করে এক অনন্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মাহফুজ শিক্ষাজীবনের শুরু নিজ গ্রাম উলুয়াটি,কেন্দুয়া উপজেলা,নেত্রকোণায় অবস্থিত উলুয়াটি আদর্শ শিশু একাডেমি (কেজি স্কুল) থেকে। তিনি কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি গ্রামের আব্দুস সালাম ও রওশন ইজদানী একাডেমির সহকারি শিক্ষিকা কল্পনা আক্তারের একমাত্র সন্তান।
তিনি ২০২৩ সালে জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে ২০২৫ সালে ঢাকার নটডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ লাভ করেন। ধারাবাহিক কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিনি এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় বোর্ড সাধারণ বৃত্তি অর্জন করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাহফুজ মেধা তালিকায় ২৪৪তম স্থান অর্জন করে ভর্তির সুযোগ পান। এছাড়াও তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৬২তম,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪৭ তম ,বিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ তম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (মিস্ট) ১৬৬তম, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ৩৮৪তম স্থান অর্জন করেন।
এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ১৬৮৭তম স্থান অর্জন করে মোট সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করেন।
উলুয়াটি আদর্শ শিশু একাডেমির সাবেক প্রধান শিক্ষক ও রওশন ইজদানী একাডেমির সিনিয়র শিক্ষক আমিরুল ইসলাম বলেন,“আমার ছাত্র মাহফুজ দেশের অন্যতম সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় আমরা সাবেক শিক্ষক পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

মাহফুজ জানান, ছোটবেলা থেকেই তিনি একজন দক্ষ প্রকৌশলী হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখছেন।

মাহফুজের পরিবার তার সাফল্যের পেছনে অবদান রাখা সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *