৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে বিলম্ব: রাজনৈতিক কৌশলের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ মনিরুল ইসলাম
সরকার ঘোষিত ৯ম জাতীয় পে-স্কেল ২০২৫ সালের নভেম্বরে গেজেট আকারে প্রকাশিত হয়ে ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘ এ বিলম্বে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পে-স্কেল কার্যকরের সব প্রস্তুতি চূড়ান্ত থাকার পরও পরিকল্পিতভাবে বাস্তবায়ন প্রক্রিয়া থমকে রাখা হয়। অভিযোগ উঠেছে, বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার লক্ষ্যেই একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন ও জটিলতা সৃষ্টি করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগ রয়েছে, বিএনপির মহাসচিবসহ অর্থ উপদেষ্টা ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার ঘনিষ্ঠ একটি মহল সমন্বিতভাবে পে-স্কেল বাস্তবায়ন আটকে রাখার কৌশল গ্রহণ করে। তাদের পরিকল্পনা ছিল আসন্ন জাতীয় নির্বাচনে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু বা ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করা।
বিশেষজ্ঞদের মতে, আগামী নির্বাচনের পর যে দলই সরকার গঠন করুক না কেন, ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে। কারণ এটি আগেই নীতিগতভাবে চূড়ান্ত সিদ্ধান্তের অন্তর্ভুক্ত ছিল এবং নতুন করে ঘোষণার প্রয়োজন নেই।
তবে দীর্ঘদিন ধরে পে-স্কেল কার্যকর না হওয়ায় সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। অনেকের দাবি, এই বিলম্বের জন্য দায়ীদের বিষয়ে রাজনৈতিক ও নৈতিক জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

