নেত্রকোনার কেন্দুয়ায় চুরি হওয়া ধান, ট্রাক্টরজব্দসহ আটক ১
নিজস্ব সংবাদদাতাঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গভীর রাতে চুরিকৃত ধান বহনের সময় আঙ্গুর মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর এবং প্রায় ১২০ কেজি চুরিকৃত ধান জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে কেন্দুয়া-মদন সড়কের গোগ বাজার বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাকসুদের নেতৃত্বে এসআই মোজাম্মেল হকসহ পুলিশের একটি টহল টিম এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি ট্রাক্টরে করে ধান বহনের বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায়। যাচাই-বাছাই শেষে ধানগুলো চুরিকৃত বলে নিশ্চিত হয় পুলিশ।
আটক আঙ্গুর মিয়া মদন উপজেলার আখাশ্রী গ্রামের ফজলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, তিনি আরও ৪/৫ জন সহযোগীকে নিয়ে রাস্তার পাশে রাখা ধান ট্রাক্টরে তুলে নিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া ধানের মালিক কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের হাফিজুর রহমানের ছেলে সজীব মিয়া। তিনি জানান, রাতের বেলায় রাস্তার পাশে রাখা ধান চুরি হয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন পুলিশ ধান উদ্ধার করেছে এবং একজনকে আটক করেছে।
ঘটনাস্থল থেকে প্রায় ১২০ কেজি ধান উদ্ধার করা হয়। একই সঙ্গে ধান পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করে পুলিশ। পরে আটক আঙ্গুর মিয়াকে কেন্দুয়া থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এসআই মোজাম্মেল হক বাদী হয়ে কেন্দুয়া থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আঙ্গুর মিয়াকে প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় রাতের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

