মদনে নবজাতককে পাটক্ষেতে ফেলে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
মদন (নেত্রকোনা) প্রতিনিধি:মহিউদ্দিন তালুকদার
নেত্রকোনার মদন উপজেলায় এক মাসের নবজাতক সন্তানকে পাটক্ষেতে ফেলে দিয়ে এক তালাকপ্রাপ্তা (২৪) নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানদার আব্দুর রউফকে (৬০) গ্রেপ্তার করেছে মদন ও কেন্দুয়া থানা পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রউফ উপজেলার নায়েকপুর ইউনিয়নের তাম্বূলী পাড়া গ্রামের বাসিন্দা।
যৌতুকের জেরে বিতাড়িত ও নৃশংসতার শিকার
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে আনোয়ারার (২৪) সাথে বছরখানেক আগে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয় মদনের নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের রিপন মিয়ার (৩০)। তাদের সংসারে এক মাস সাত দিন বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ভুক্তভোগী আনোয়ারার অভিযোগ, দুই মাস আগেও বাপের বাড়ি থেকে স্বামীকে ২ লাখ টাকা এনে দিয়েছিলেন। এরপরও পুনরায় টাকার জন্য তার ওপর নির্যাতন চালানো হয়। রোববার (১৭ মে) যৌতুকের টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে স্বামী রিপন মিয়া তাকে মারধর করে তালাক (ডিভোর্স) দিয়ে নবজাতকসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
কোনো উপায় না পেয়ে রোববার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন আনোয়ারা। সন্ধ্যা নেমে এলে তিনি কৈজানী নদী পার হয়ে তাম্বূলী পাড়া এলাকার একটি মুদি দোকানের সামনে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দোকানদার আব্দুর রউফ তাকে রাতে বাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা না দেখে নিজের বাড়িতে আশ্রয়ের প্রস্তাব দেয়। সরল বিশ্বাসে আনোয়ারা তার সাথে রওনা হন। পথিমধ্যে নির্জন কৈজানী নদীর ঘাট সংলগ্ন গিয়ালী খালের পাশে একটি পাটক্ষেতের কাছে পৌঁছালে আব্দুর রউফ পাশবিক রূপ ধারণ করে। সে আনোয়ারার কোল থেকে ১ মাসের দুগ্ধপোষ্য শিশুটিকে টেনে হেঁচড়ে পাটক্ষেতে ফেলে দেয় এবং আনোয়ারাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আনোয়ারার আত্মচিৎকার শুনে পাশের খালের বড়শি দিয়ে মাছ ধরতে থাকা স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
ঘটনাটি জানার পর মদন ও কেন্দুয়া থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। সোমবার সকালে যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আব্দুর রউফকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, “এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামি আব্দুর রউফকে আগামীকাল (মঙ্গলবার) নেত্রকোনা জেলা হাজতে প্রেরণ করা হবে।”

