বিনামূল্যে চক্ষুশিবিরে কেন্দুয়াতে ২৭ জনের ছানি অপারেশনের দায়িত্ব নিল বাইতুল হিকমাহ কমপ্লেক্স
নিজস্ব সংবাদদাতাঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বাড়লা (মধ্যপাড়া) পাইকুড়ায় অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘বিনামূল্যে চক্ষু শিবির’। ১৬ মে ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাইতুল হিকমাহ কমপ্লেক্স প্রাঙ্গণে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
এডভোকেট নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি সংসদ এবং বাইতুল হিকমাহ কমপ্লেক্স-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে ডা: কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল (নেত্রকোণা)। এছাড়াও পার্টনার হিসেবে যুক্ত ছিল অস্ট্রেলিয়ান এইড এবং দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন।
মূল অর্জন ও সেবাসমূহ-
বিনামূল্যে ছানি অপারেশন, ক্যাম্পে আগত বিপুল সংখ্যক রোগীর চোখ পরীক্ষা করে চূড়ান্তভাবে ২৭ জন দুস্থ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
যাতায়াত ও আবাসন রোগীদের নেত্রকোণা থেকে ময়মনসিংহে যাতায়াত, থাকা-খাওয়া এবং অপারেশন শেষে নিরাপদে ফিরিয়ে আনার সম্পূর্ণ খরচ আয়োজকরা বহন করবেন।
বিনামূল্যে ওষুধ ও চশমা অপারেশনকৃত সকল রোগীকে প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা বিনামূল্যে প্রদান করা হবে।
ক্যাম্পের প্রধান ব্যবস্থাপক ও সমাজসেবক মোঃ ইকবাল কবির এবং সমন্বয়ক হাফেজ মাওলানা মুহিউদ্দিন জানান, প্রত্যন্ত অঞ্চলের কোনো মানুষ যেন অর্থাভাবে দৃষ্টিহীন না থাকে, সেই লক্ষ্যেই এই আয়োজন। অবহেলিত মানুষের কল্যাণে এই ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
উক্ত এলাকার গরীব অসহায় লোকজন এই ধরনের বিনামূল্যে চক্ষুশিবির কর্মসূচিতে চোখ দেখাতে পেয়ে খুবই সন্তোষ প্রকাশ করেছেন।

