ময়মনসিংহে বাস–সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য নিহত
স্টাফ রিপোর্টারঃ মনিরুল ইসলাম
ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চলের নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সেনা সদস্য হলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চৌকস ও মেধাবী সদস্য সার্জেন্ট রেজাউল। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনী দায়িত্ব শেষে সেনাবাহিনীর সদস্যরা যানবাহনে করে ফেরার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সার্জেন্ট রেজাউল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পথে একজন সেনা সদস্যের এভাবে প্রাণ হারানো শুধু তার পরিবারের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সার্জেন্ট রেজাউল ছিলেন কর্তব্যনিষ্ঠ, শৃঙ্খলাপরায়ণ এবং দেশের প্রতি দায়বদ্ধ একজন আদর্শ সৈনিক। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও সাহসী একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে এই দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ তায়ালা যেন মরহুম সার্জেন্ট রেজাউলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের জন্য জীবন দেওয়া এই বীর সন্তানের প্রতি রইল গভীর শ্রদ্ধা।

