খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোণায় এতিমদের নিয়ে খাবারের আয়োজন
স্টাফ রিপোর্টার
, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গত শুক্রবার এতিম ও মিসকীনদের নিয়ে নিজ বাড়ি নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তা বাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দুপুরের খাবার খান।
আমান উল্লাহ আমান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এমন একজন নেতৃত্বের প্রতীক, যিনি স্বামী, সন্তান ও নিজের ব্যক্তিগত স্বাধীনতা হারানোর গভীর বেদনা বুকে ধারণ করেও কখনও স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও সীমাহীন বাধার মধ্যেও তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে আজীবন ছিলেন অবিচল।

শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, দেশের সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে যুগ যুগ তাঁকে স্মরণ করবে। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই যেন দেশের গণতান্ত্রিক মুক্তি, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে পারি।

