নিয়োগবিধি বাস্তবায়ন কল্পে কেন্দুয়ায় পরিবার পরিকল্পনা কর্মীদের মানববন্ধন
সালমান আহমেদ (প্রতিনিধি)
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত তিন শ্রেণির মাঠকর্মী—পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA)—প্রস্তাবিত ‘নিয়োগবিধি–২০২৪’ দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ ২৬ বছর ধরে দাবি জানানো হলেও নিয়োগবিধি বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই।
সকালে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনগুলোর নেতারা বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩৩ হাজারের বেশি কর্মকর্তা–কর্মচারী দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা–শিশুর স্বাস্থ্যসেবা, বাড়ি–বাড়ি দম্পতি নিবন্ধন, নিরাপদ প্রসব, ইপিআই টিকাদান, কিশোর–কিশোরীর প্রজনন স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিকে ২৪/৭ জরুরি সেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এত গুরুত্বপূর্ণ কাজ করার পরও এখনো তাঁদের কোনো কার্যকর নিয়োগবিধি নেই।
বক্তারা অভিযোগ করেন, নিয়োগবিধির ফাইল বিভিন্ন দপ্তরে কোয়েরির জটিলতায় বছরের পর বছর আটকে আছে। এতে বেতন–গ্রেড উন্নীতকরণ, পদোন্নতি ও অন্যান্য চাকরিগত সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনকারীরা বলেন, “অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি দেওয়ার পরও কোনো বাস্তব অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই মাঠপর্যায়ের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।”
ঘোষিত কর্মসূচি, মাসিক রিপোর্ট (MIS) অনলাইন–অফলাইন প্রদান বন্ধ, ২–১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি ও উপজেলা পর্যায়ে অবস্থান, ৬–১১ ডিসেম্বর পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
নেতারা বলেন, “দীর্ঘ অপেক্ষা আর নয়। প্রস্তাবিত নিয়োগবিধি–২০২৪ অবিলম্বে বাস্তবায়নই এখন এক দফা এক দাবি।”

