বাংলাদেশরাজনীতি

আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগীভাবে গড়ে তুলতে কাজ করছে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ে মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। সেই লক্ষ্যেই বিএনপি জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছে। এর অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাজাতে শিক্ষাবিদদের নিয়ে আমরা একটি বিশেষজ্ঞ টিম গঠন করেছি, যারা ইতিমধ্যে কাজ অনেকটা এগিয়ে নিয়ে গেছেন।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য আগামী দিনের শিক্ষা এমনভাবে গড়ে তোলা, যাতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারে। মেধাবিকাশের জন্য দরকার সঠিক পরিচর্যা, প্রচণ্ড পরিশ্রম ও দৃঢ় ইচ্ছাশক্তি।”

তারেক রহমান পবিত্র কোরআনের আয়াত ও নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যথোপযুক্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। মাদ্রাসা কিংবা সাধারণ শিক্ষা—যেখানেই পড়া হোক না কেন, ব্যবহারিক ও কারিগরি শিক্ষায় পারদর্শী হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “আজকে সংস্কার নিয়ে যারা কথা বলেন, তাদের মনে করিয়ে দিতে চাই—বিএনপি আড়াই বছর আগেই রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা দিয়েছে। কাজেই বিএনপিকে সংস্কার শেখাতে হবে না; বিএনপি সংস্কারে বিশ্বাসী দল।”

তিনি বলেন, “ভবিষ্যতে আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে পুনরুদ্ধার করব। তারেক রহমান যেভাবে লন্ডন থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ইনশা আল্লাহ তিনি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।”

মঈন খান আরও বলেন, “২৫ বছর আগে বিএনপি সরকারে থাকাকালে আমি দেখেছি, তারেক রহমান রাজনীতিতে নতুন ধারা এনেছিলেন। তিনি তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। আজও তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত থেকে তাঁদের উৎসাহ দিচ্ছেন।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম, পাকুন্দিয়া বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এ ছাড়া বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *