ক্রিকেটখেলা

দীর্ঘ ১৬ বছর পর বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট


ক্রীড়া ডেক্স
বগুড়া সদর প্রতিন‌ি‌ধিঃ মুন হো‌সেন

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। প্রায় ১৬ বছর পর সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ। আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের দুই ভেন্যু—বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল ২০ অক্টোবর ঢাকায় পা রাখবে এবং সেদিনই যাবে বগুড়ায়। ২৮ ও ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। এরপর বাকি তিনটি ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে যথাক্রমে ৩, ৬ ও ৯ নভেম্বর। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগান দলটি।

২০০৯ সালের ২০ নভেম্বর এই ভেন্যুতে সর্বশেষ আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে এনামুল হক বিজয়, মুমিনুল হক ও সাব্বির রহমানদের নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দলের। এরপর ২০১০ সালের মে মাসে সর্বশেষ কোনো বিদেশি দল বগুড়ায় খেলেছিল। বিসিবি একাডেমি ও দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের মধ্যকার দুটি ৫০ ওভারের ম্যাচে।

এদিকে, এনিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। প্রথমবার তারা বাংলাদেশে এসেছিল ২০১৬ সালে যুব বিশ্বকাপ খেলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *